যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বাঙালি কমিউনিটির ৫০ বছরের বসতি, সংগ্রাম ও পথচলার ইতিহাস এবার বইয়ের পাতায়, প্রকাশিত হয়েছে ‘স্টোরিজ অব স্ট্রাগল অ্যান্ড স্ট্রাইডস’ গ্রন্থ। এতে ১৯৫০ থেকে ২০০০ সাল পর্যন্ত পূর্ব লন্ডনে বাংলাদেশি কমিউনিটির বসতি স্থাপন, বিকাশ, সামাজিক আন্দোলন ও নানা প্রতিকূলতা মোকাবিলার ইতিহাস তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) টাওয়ার হ্যামলেটস টাউন হলের একটি কনফারেন্স রুমে গ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এন ইস্ট অ্যান্ড কানেকশন পাবলিকেশনের উদ্যোগে এবং ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ডের অর্থায়নে বইটি প্রকাশিত হয়েছে।
প্রকাশনা অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর ও সিভিক মেয়র সয়ফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার কাউন্সিলর মোস্তাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন বেথনাল গ্রিনের ব্যারনেস মঞ্জিলা উদ্দিন। আলোচনায় অংশ নেন সাবেক কাউন্সিলর বদরুল আলম, সাবেক কাউন্সিলর ও ডেপুটি লিডার রাজন জালাল উদ্দিন, গ্রন্থকার আহমদ উল্লাহসহ বিশিষ্টজনেরা।
উৎসবে ১৯৭৮ সালের বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতাদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আলোচনায় পূর্ব লন্ডনে বাঙালিদের বসতি স্থাপন, বর্ণবাদসহ নানা প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম, সামাজিক আন্দোলন এবং অগ্রযাত্রার বিভিন্ন দিক উঠে আসে।
গ্রন্থটিতে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা, সাংবাদিক ও কমিউনিটি নেতাদের সাক্ষাৎকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক আন্দোলন, গুরুত্বপূর্ণ ঘটনা ও কমিউনিটির সংগ্রামের নানা অধ্যায় স্থান পেয়েছে। লেখকের একটি সাক্ষাৎকারও এতে প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাঙালি কমিউনিটির ইতিহাস সংরক্ষণে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পূর্ব লন্ডনে বাঙালিদের বসতি, সংগ্রাম ও অর্জনের ইতিহাস তুলে ধরতে বইটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজে আসবে।
সংশ্লিষ্টরা আশা করেন, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের লেখক, গবেষক ও ইতিহাসচর্চায় আগ্রহীদের প্রবাসী বাঙালির ইতিহাস নিয়ে কাজ করতে উৎসাহিত করবে।


