জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্ক পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশের সরকারপ্রধানের এই প্রথম যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিশেষ করে নিউইয়র্কের অন্যতম ব্যস্ত এলাকা জ্যাকসন হাইটসের অলিগলি ছেয়ে গেছে নানা রঙের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে।
জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনপদে গেলেই যে কারো নজর কাড়বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানো বর্ণিল সব ব্যানার।
যুক্তরাষ্ট্র ও নিউইয়র্ক স্টেট বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি এবং শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব ব্যানার প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও অনেকে স্বাগত বার্তা প্রচার করছেন। এসব প্রচারণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবির পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের ছবিও স্থান পেয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাঈদ আহমেদসহ যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের বেশ কয়েকজন নেতা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এসব পোস্টার ও ব্যানার লাগিয়েছেন। তবে দলের এই উৎসবে পুরনো কিছু বিতর্কও সামনে এসেছে। বিএনপির দুঃসময়ের আন্দোলন-সংগ্রামে সক্রিয় না থাকা অনেককে এখন বিপুল উৎসাহে নিজেদের ছবিসহ ব্যানার টাঙাতে দেখে দলেরই কিছু নেতাকর্মী প্রশ্ন তুলেছেন।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক পৌঁছাবেন প্রধানমন্ত্রী। কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। মাত্র ৯৬ ঘণ্টার সংক্ষিপ্ত এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন মাত্র ২২ জন।
নিউইয়র্কে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যদিও আনুষ্ঠানিক কোনো দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি এখনো নির্ধারিত নেই, তবুও যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে এই সাক্ষাতের জোরালো সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর কিছু পার্শ্ববৈঠক ও কর্মসূচি চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছে।
নিউইয়র্ক প্রবাসী যুবদল নেতা আবু সাঈদ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যানার লাগানোর ছবি শেয়ার করে লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শত-সহস্রাধিক নেতাকর্মী প্রিয় নেতাকে স্বাগত জানাতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার আগমনকে স্বাগত জানাই।’


