...|...|...

জাতীয়

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:০৪
Shares
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে বিশ্বনেতা ও তাদের সফরসঙ্গীদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। 

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলুর বরাত দিয়ে জানানো হয়েছে, বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী অংশ নেন।

প্রধানমন্ত্রীর মঙ্গলবারের কর্মসূচিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। 

এ ছাড়া দিনের কর্মসূচির অংশ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের স্ত্রীদের সম্মানে একটি অভ্যর্থনা অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন ৮ সেপ্টেম্বর ২০২৬ শুরু হয়েছে এবং এর উচ্চপর্যায়ের সপ্তাহ ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সফর করছেন।