...|...|...

বিশ্ব

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, রাত ২:২৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১৪
Shares
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১

ধ্বংসস্তূপের নিচে আটকা মানুষদের বাঁচাতে উদ্ধার অভিযান চলমান। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ।

স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে শক্তিশালী এই কম্পন। ভূমিকম্পের ধাক্কায় বেশ কয়েকটি ভবন ধসে পড়ে, বহু স্থাপনায় ফাটল দেখা দেয় এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার এলাকার কাছে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০৭ কিলোমিটার।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায়। পেরেইরা, কালি, কুইবদো ও মানিজালেসসহ কয়েকটি শহরে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। অনেক এলাকায় ভবন ধসে পড়ায় উদ্ধারকাজ চালাতে হিমশিম খাচ্ছে জরুরি সেবা সংস্থাগুলো।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বেশ কয়েকটি এলাকায় মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। ধসে পড়া ভবনের নিচে আটকে থাকা লোকজনকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। পরিস্থিতি জটিল হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি রাজধানী বোগোটা, আন্তিওকিয়া, কুন্দিনামার্কা ও মেটাসহ বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভেনেজুয়েলার সীমান্ত এলাকাতেও এর প্রভাব পৌঁছায়।

ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশকের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান ও জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করেছে সরকার।

এর আগে চলতি বছরের জুনে লাতিন আমেরিকার আরেক দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। সেই ঘটনার ক্ষয়ক্ষতির রেশ কাটার আগেই কলম্বিয়ায় নতুন এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানল।

সূত্র: আল জাজিরা