মরক্কোর ছয়টি প্রদেশে চরম দাবানলের সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বনসংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দাদের আগামী মঙ্গলবার পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে বলে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় পানি ও বন সংস্থা ফাহস-আনজরা, তাঞ্জিয়ার-আসসিলা, তাউনাত, তাজা, এসৌইরা এবং তারুদান্ত প্রদেশে দাবানলের চরম ঝুঁকির কথা উল্লেখ করে এই লাল সতর্কতা জারি করেছে। সংস্থাটি বন এলাকার কাছাকাছি বসবাসকারী বাসিন্দা ছাড়াও শ্রমিক, অবকাশ যাপনকারী এবং দর্শনার্থীদের পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে এবং আগুন ধরে যেতে পারে এমন যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
এছাড়া আরও ২৪টি প্রদেশকে উচ্চ ঝুঁকির আওতাভুক্ত করে কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্টের অধীনে রাখা হয়েছে। দাবানল বা এ সম্পর্কিত ধোঁয়া কিংবা কোনো সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলেই সাথে সাথে স্থানীয় কর্তৃপক্ষকে তা জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া পরিস্থিতি এবং গাছপালার ঘনত্বের ওপর ভিত্তি করে বন অগ্নিকাণ্ডের ঝুঁকি মূল্যায়নের জন্য মরক্কো জাতীয় পানি ও বন সংস্থা পরিচালিত একটি আগাম সতর্কতা ব্যবস্থা ব্যবহার করে থাকে। এর আগে, কর্তৃপক্ষ জানিয়েছিল যে, চলতি বছরের শুরু থেকে ২০ জুলাই পর্যন্ত মোট ৩১০টি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে, যার ফলে আনুমানিক ৪,৫৭০ একর বা ১,৮৫০ হেক্টর বনভূমি পুড়ে গেছে।


