২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের স্বপ্ন এখনো ছাড়েনি মরক্কো। স্পেন ও পর্তুগালের সাথে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া উত্তর আফ্রিকার দেশটি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ নিজেদের মাটিতে আয়োজন করতে চায়। মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা আবারও জানিয়েছেন, এই ম্যাচ আয়োজনের ক্ষেত্রে তাদের বৈধ দাবি রয়েছে।
এর আগে লেকজা দাবি করেছিলেন, বেনসলিমান প্রদেশই ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সুযোগ পাবে। তবে তার বক্তব্যের পর ফিফা জানিয়ে দেয়, ফাইনাল আয়োজনের জন্য এখনো কোনো ভেন্যু চূড়ান্ত করা হয়নি। পরে ‘জ্যুন আফ্রিক’কে দেওয়া এক সাক্ষাৎকারে লেকজা বলেন, ফাইনালের আয়োজক হতে মরক্কো নির্ধারিত অফিসিয়াল প্রক্রিয়াই অনুসরণ করছে। তার ভাষায়, ‘স্পেনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিতর্ক হতে পারে। তবে মরক্কো কখনোই ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত হয়ে গেছে এমন দাবি করেনি। তারা শুধু নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থেকে নিয়মকানুন ও নির্ধারিত প্রক্রিয়া মেনে এগোচ্ছে।’
লেকজার মতে, ২০৩০ বিশ্বকাপকে স্পেন, পর্তুগাল ও মরক্কোর মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছে না তার দেশ। বরং ইউরোপের দুই সহ-আয়োজকের সাথে মিলে আফ্রিকার প্রতিনিধিত্ব করার সুযোগ হিসেবেই এই আয়োজনকে দেখছে তারা।
তবে ফাইনালের ভেন্যু চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত নিজেদের দাবি চালিয়ে যাবে মরক্কো। লেকজা স্পষ্ট করেছেন, সিদ্ধান্ত নেওয়ার সময় নিজেদের স্বার্থের বিষয়টি সামনে রাখবে তার দেশ। ফলে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দৌড় থেকে এখনই সরে যাচ্ছে না মরক্কো।


