মক্কার আকাশসীমায় ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ বলেন, “আমি এই কাপুরুষোচিত ও জঘন্য ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এই নিন্দনীয় ঘটনায় পাকিস্তানের জনগণ ব্যথিত ও উদ্বিগ্ন। এমন ক্ষমার অযোগ্য কর্মকাণ্ডে আমাদের যে গভীর বেদনা ও দুঃখ তৈরি হয়েছে, তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ নেই।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী এ ধরনের ঘটনার পর পুরো অঞ্চলে সংযম প্রদর্শনের আহ্বানও পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, বুধবার (১৬ সেপ্টেম্বর) ইয়েমেনের হুথিদের পাঠানো একটি ড্রোন মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি-নেতৃত্বাধীন জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ধ্বংস করেছে বলে জানিয়েছিল জোট।


