বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ভিসা ও কনস্যুলার সেবা দেওয়ার নামে প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সতর্কতা দেওয়া হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় ভারতীয় হাইকমিশন জানায়, কিছু প্রতারক হাইকমিশনের কর্মকর্তা সেজে বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।
হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কারও সাথে যোগাযোগ করে ভিসা দেওয়ার নিশ্চয়তা দেন না এবং কোনো ধরনের অর্থও দাবি করেন না।
বার্তায় বলা হয়, ভারতীয় ভিসার সব আবেদন নির্ধারিত সরকারি নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়। তাই সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনোভাবেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সাথে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের তথ্য কিংবা আর্থিক সংক্রান্ত কোনো তথ্য অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার না করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।
ভারতীয় হাইকমিশন আরও জানায়, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে বা এমন কোনো প্রচেষ্টার মুখোমুখি হলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশটসহ অন্যান্য প্রমাণ [email protected] ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।
সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি পরিবার ও পরিচিতদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।


