ভারতের উত্তর প্রদেশের কাসগঞ্জ জেলায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৯ জুন) প্রশিক্ষণ উড্ডয়নের সময় জরুরি অবতরণ করতে গিয়ে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানটিতে থাকা একমাত্র নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হয়েছেন।
তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলিগড়ভিত্তিক ‘চেতক অ্যাভিয়েশন একাডেমি’র সেসনা-১৫২ মডেলের ছোট বিমানটি প্রশিক্ষণকালীন কোনো যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। এর ফলে পাইলট কাসগঞ্জে নির্মাণাধীন একটি মহাসড়কের পাশের মাঠে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তবে অবতরণের ঠিক আগমুহূর্তে বিমানটি ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সড়কে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, প্রশিক্ষণার্থী পাইলট একক (সোলো) উড্ডয়নে ছিলেন। ডিজিসিএর বিবৃতিতে বলা হয়েছে, ‘চেতক অ্যাভিয়েশনের সেসনা-১৫২ (ভিটি-এএফবি) বিমানটি আলিগড় থেকে একক প্রশিক্ষণ উড্ডয়নে গিয়ে কাসগঞ্জের মাঠে জরুরি অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।’
উল্লেখ্য, সেসনা-১৫২ হলো একটি ইঞ্জিনবিশিষ্ট দুই আসনের ছোট বিমান, যা মূলত নতুন পাইলটদের প্রশিক্ষণের কাজে বিশ্বজুড়ে ব্যবহৃত হয়। এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ডিজিসিএ ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

