ব্রিকস সম্মেলনের কূটনৈতিক গাম্ভীর্যের মধ্যে নয়াদিল্লিতে এক ভিন্নধর্মী ও আনন্দঘন মুহূর্তের জন্ম দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত এক নৈশভোজে পিয়ানোর সুরের সাথে বিখ্যাত শিল্পী কিশোর কুমারের কালজয়ী গান গেয়ে শুনিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৮তম ব্রিকস সম্মেলনের অংশ হিসেবে নয়াদিল্লিতে এই নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে ৬৫-এর ‘তিন দেবিয়াঁ’ সিনেমার জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ গানটি গেয়ে শোনান আনোয়ার ইব্রাহিম। এস ডি বর্মনের সুর করা সেই গানের সুর ধরে তিনি উপস্থিত সবার নজর কাড়েন।
রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাঝে তার এই সাংস্কৃতিক পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন মালয়েশিয়ার এই নেতা। ভারতীয় প্রবাসীদের পাশাপাশি পৃথিবীর নানা প্রান্তের দর্শকেরা মন্তব্যের ঘরে তার গায়কীর প্রশংসা করছেন।
হিন্দি চলচ্চিত্রের বাইরেও ভারতীয় সংস্কৃতির প্রতি আনোয়ারের বিশেষ দুর্বলতা রয়েছে। নরেন্দ্র মোদির সাথে দ্বিপক্ষীয় আলোচনার সময় পুরোনো তামিল সিনেমা ও দক্ষিণ ভারতীয় কিংবদন্তি অভিনেতা এম জি রামচন্দ্রনের (এমজিআর) প্রতি মালয়েশীয় প্রধানমন্ত্রীর অনুরাগের বিষয়টি উঠে আসে।
ব্রিকসের অংশীদার দেশ হিসেবে এবার সম্মেলনে যোগ দেয় মালয়েশিয়া। অর্থনৈতিক নানা ইস্যুতে আলোচনার পাশাপাশি ভারতের সঙ্গে পর্যটন ও ডিজিটাল প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন আনোয়ার ইব্রাহিম।


