...|...|...

বিশ্ব

ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি পারস্পরিক স্বার্থ: জয়শঙ্কর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ভোর রাত ৪:৪৫ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:১২
Shares
ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি পারস্পরিক স্বার্থ: জয়শঙ্কর

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে সরাসরি কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক টেকসই করতে হলে তা দুই দেশের ‘পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ’ হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য দেওয়ার সময় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জয়শঙ্কর।

বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব না দিয়ে দুই দেশের সম্পর্কের মূলনীতি হিসেবে পারস্পরিক স্বার্থ ও পারস্পরিকতাকে তুলে ধরেন।

জয়শঙ্কর বলেন, ‘যেকোনো সম্পর্ক কার্যকর হতে হলে তা পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটি দুই দেশের জন্যই সমানভাবে কাজ করতে হবে।’

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে তাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়ে আসছে।

তবে প্রত্যর্পণ বিষয়ে নির্দিষ্ট প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি জয়শঙ্কর। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক একতরফা স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আশা করি না যে আমার প্রতিবেশীরা শুধু আমার স্বার্থেই কাজ করবে। যেমন আমি তাদের স্বার্থকে স্বীকৃতি ও সম্মান জানাতে চাই, তেমনি আমিও আশা করি, তারা ভারতের স্বার্থকে সম্মান করবে।’

তিনি আরও বলেন, ‘যখন উভয় পক্ষ একটি অভিন্ন অবস্থানে পৌঁছাতে পারে, তখনই সম্পর্ক মসৃণভাবে এগিয়ে যায়। পারস্পরিকতা বা মিউচুয়ালিটিই আমাদের সম্পৃক্ততার ভিত্তি।’

জয়শঙ্করের এই বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের অবস্থান সরাসরি স্পষ্ট না হলেও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ ও পারস্পরিকতার ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে।