...|...|...

জাতীয়

শেখ হাসিনার ল' ফার্মের পাঠানো ইমেইলে কী বলা হয়েছে?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪১ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪২
Shares
শেখ হাসিনার ল' ফার্মের পাঠানো ইমেইলে কী বলা হয়েছে?

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছে তার আইনি প্রতিনিধিত্বকারী যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। অন্তর্বর্তী সরকারের সময় গুম-খুনে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল এবং এনআইডি এনআইডি স্থগিত বা লক করে নির্বাচন কমিশন।

সোমবার (৯ নভেম্বর) তারিখে পাঠানো চিঠিটি দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে উদ্দেশ করে লেখা হয়েছে। এতে শেখ হাসিনার পক্ষে আইনি পরামর্শক হিসেবে স্টিভেন পাওলস কেসি (Steven Powles KC) স্বাক্ষর করেছেন।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ অবস্থায় তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

আইনজীবী প্রতিষ্ঠানটি চিঠিতে উল্লেখ করেছে, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং বাংলাদেশের প্রচলিত আইন ও আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক আইনি বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে এ আবেদন করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কাগজপত্র সম্পর্কে পরামর্শ দেওয়ারও অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সাথে আবেদন দুটি দ্রুত প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চিঠির শেষাংশে বলা হয়েছে, বিষয়টি দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে হাইকমিশনের প্রতি প্রত্যাশা করছে ম্যাট্রিক্স চেম্বার্স।

উল্লেখ্য, চিঠিটি ৯ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো হয়েছে। তবে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধের বিষয়ে বাংলাদেশ হাইকমিশন কী সিদ্ধান্ত নিয়েছে, সে সম্পর্কে এই চিঠিতে কোনো তথ্য নেই।