সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশই সংসদীয় গণতন্ত্রের প্রধান ভিত্তি।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
তিনি বলেন, ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থানই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য। আলোচনার মধ্য দিয়ে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করা এবং সবকিছুর ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া প্রত্যেক সংসদ সদস্যের দায়িত্ব।
জাতীয় সংসদকে জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক প্রকাশ হিসেবে উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার ইতিহাস দীর্ঘ সংগ্রামের। এ দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার আদায়ে বিভিন্ন সময়ে সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল। ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়। গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সংসদের প্রতি জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে স্পিকার বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানানো, সংবিধানের মর্যাদা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের সংসদীয় রীতিনীতি ও শালীনতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা এবং যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সচেষ্ট থাকতে হবে।


