উপজেলা পর্যায়ে ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, যুব ও ক্রীড়া এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটির জন্য ৩ জন করে মোট ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
এছাড়া তরুণদের মাদক ও কিশোর গ্যাংয়ের ঝুঁকি থেকে দূরে রাখতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার ও দাবাসহ ১০টি ইভেন্ট নিয়ে ইউনিয়ন পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সীদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ আয়োজনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম ও প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কাজও বর্তমানে চলমান রয়েছে।

