ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে গাছের পরিচর্যার কাজে যুক্ত করে বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বৃক্ষ পরিচর্যায় উৎসাহিত করতে এ বৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
ডিএনসিসি প্রশাসক বলেন, পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকাকে সবুজায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী রোপণ করা গাছের পরিচর্যার সঙ্গে যুক্ত থাকবে। তাদের উৎসাহিত করতে বৃত্তির আওতায় আনা হবে।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আগামী পাঁচ বছরে ডিএনসিসি ৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ৫৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। মহাখালী, ফার্মগেট, বিজয়নগরসহ রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজও দ্রুত এগিয়ে চলছে।
তিনি জানান, সরকারের নির্দেশনায় দীর্ঘমেয়াদি সবুজায়ন পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এগিয়ে এসেছে।
পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, শুধু সিটি করপোরেশনের একক প্রচেষ্টায় একটি মেগাসিটিকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এ জন্য নগরবাসীকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তিনি রাস্তায় বা যত্রতত্র প্লাস্টিক বোতল, ওয়ানটাইম কাপ, টিস্যু, পানির কন্টেইনার ও অন্যান্য আবর্জনা না ফেলে নির্ধারিত স্থান বা ডাস্টবিনে ফেলার আহ্বান জানান।
অনুষ্ঠানে ডিএনসিসির অঞ্চল-৬-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম এবং ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




