...|...|...

জাতীয়

রাজধানীতে আরও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে: ববি হাজ্জাজ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, রাত ১:২৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২২
Shares
রাজধানীতে আরও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে: ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় একটি নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (২২ আগস্ট) দুপুরে মোহাম্মদপুরের বসিলায় ফিরোজা বাশার আইডিয়াল কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের মোহাম্মদপুর পুরো ঢাকা শহরের শিক্ষার কেন্দ্রবিন্দু, শিক্ষার এপিসেন্টার। কেন বললাম-একটা বড় কারণ হলো, ঢাকা শহরের সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ বাস করে মোহাম্মদপুরে। সবচেয়ে বেশি শিক্ষিত লোক যেখানে, শিক্ষার এপিসেন্টার তো তার বাইরে হতে পারে না। ঢাকার শিক্ষার এপিসেন্টার মানে পুরো বাংলাদেশের শিক্ষার এপিসেন্টার।

তিনি আরও বলেন, আমাদের অনেক ভালো ভালো স্কুল-কলেজ আছে। এই মোহাম্মদপুরের আরো উন্নত করতে যত ধরনের উদ্যোগ সম্ভব নিতে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে এই বসিলাতে আমরা নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আসছি।

শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আধুনিক প্রযুক্তি ও দক্ষতার ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গভর্ন্যান্সবিষয়ক একটি প্রতিযোগিতার ঘোষণাও দেন প্রতিমন্ত্রী। এতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার এক লাখ টাকার বেশি এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের ব্যবস্থাও থাকবে।

এ ছাড়া প্রতিযোগিতায় বিজয়ীদের এক দিনের জন্য ‘শ্যাডো মিনিস্টার’ ও ‘শ্যাডো এমপি’ হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হবে। ভবিষ্যতে এসব শিক্ষার্থী প্রকৃত সংসদ সদস্য ও মন্ত্রী হয়ে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে।