...|...|...

জাতীয়

অবসর সুবিধার টাকা পেতে নতুন নির্দেশনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, রাত ১:০০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:০৯
Shares
অবসর সুবিধার টাকা পেতে নতুন নির্দেশনা

অবসর সুবিধা বোর্ডে চলতি বছরের জুলাই পর্যন্ত জমা হওয়া আবেদনগুলোর মধ্যে যারা এখনো অবসর সুবিধার টাকা পাননি, তাদের অর্থ পেতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী ও মৃত্যুজনিত আবেদনের ক্ষেত্রে নমিনিদের একাধিক কাগজপত্র জমা দিতে হবে।

সম্প্রতি অবসর সুবিধা বোর্ডের পরিচালক ড. এস এম আলমগীর কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাব সচল করে হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি এবং এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বর জমা দিতে হবে।

মৃত্যুজনিত আবেদনের ক্ষেত্রে অনলাইন মৃত্যু সনদ, ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ক্ষমতা হস্তান্তরপত্র, ওয়ারিশ সনদ, নমিনির সচল ব্যাংক হিসাবের হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট, নমিনির এনআইডি এবং নমিনির নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বর জমা দিতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট আবেদনকারীদের ইনডেক্স নম্বর, আবেদন আইডি নম্বর এবং আবেদন জমার তারিখ উল্লেখ করতে হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এসব কাগজপত্র রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের অবসর সুবিধা বোর্ডের কার্যালয়ে জমা দিতে হবে।

স্কুলের শিক্ষকদের ১৪১৫ ও ১৪২১ নম্বর কক্ষে, কলেজ ও কারিগরি শিক্ষকদের ১৪১৬ ও ১৪২১ নম্বর কক্ষে এবং মাদ্রাসার শিক্ষকদের ১৪১৩ ও ১৪২১ নম্বর কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।