...|...|...

বিশ্ব

ব্রিকস-ভুক্ত দেশগুলোর পারস্পরিক বাণিজ্য ১.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে: পুতিন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:০৫
Shares
ব্রিকস-ভুক্ত দেশগুলোর পারস্পরিক বাণিজ্য ১.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে: পুতিন

ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ব্রিকস জোটভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ১.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ব্রিকস আউটরিচ’ বৈঠকে বক্তব্য দিতে গিয়ে পুতিন এ তথ্য জানান।

তিনি বলেন, ব্রিকস দেশগুলোর জনসংখ্যা বাড়ছে, অভ্যন্তরীণ বাজার শক্তিশালী হচ্ছে এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। এসব কারণে জোটের অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়ছে।

পুতিন বলেন, “আমাদের জোটের অভ্যন্তরীণ বাণিজ্য ইতোমধ্যে ১.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। অংশগ্রহণকারী দেশগুলো বৈশ্বিক রপ্তানির প্রায় এক-চতুর্থাংশ সরবরাহ করে এবং ব্রিকস বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধিতে ৪৯ শতাংশ অবদান রাখছে।”

রুশ প্রেসিডেন্ট বলেন, ব্রিকসের সম্ভাবনা এখনো পুরোপুরি কাজে লাগানো হয়নি। বিশেষ করে সদস্য দেশগুলোর অর্থনীতির পারস্পরিক পরিপূরক সক্ষমতা ব্যবহারের মাধ্যমে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে।

তিনি বলেন, সদস্য দেশগুলোর অর্থনৈতিক কাঠামো ও বিশেষায়িত খাতের ভিন্নতা নতুন উৎপাদন-শৃঙ্খল, প্রযুক্তি, সেবা ও বাজার তৈরিতে সহায়ক হতে পারে।

পুতিন আরও বলেন, “আমরা এমন একটি সাধারণ প্রবৃদ্ধির প্ল্যাটফর্ম তৈরির কথা বলছি, যা ব্রিকস দেশগুলোর প্রতিযোগিতামূলক সক্ষমতাকে কার্যকরভাবে একত্রিত করবে।”

তিনি দাবি করেন, বিশ্বজুড়ে ব্রিকসের প্রতি আগ্রহ ও মনোযোগ বাড়ছে। তার মতে, এই জোট সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সমান সুযোগ এবং একটি বহুমুখী বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।

পুতিন বলেন, ব্রিকস আরও ন্যায়ভিত্তিক ও বহুমেরুকেন্দ্রিক বিশ্ব গঠনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে।