...|...|...

জাতীয়

বিমানভাড়া ও যাত্রীসেবার মান নিয়ে এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, রাত ১১:১৬
Shares
বিমানভাড়া ও যাত্রীসেবার মান নিয়ে এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে চলাচলকারী আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে উড়োজাহাজের পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান ও বিমানভাড়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ পরিচালনা ও যাত্রীসেবা দেওয়ার বিষয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। একই সাথে ভ্রমণের দূরত্ব বিবেচনায় বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলামের সই করা এক চিঠিতে দেশি-বিদেশি সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও এয়ারলাইন্স অপারেটিং কমিটিকে এসব নির্দেশনা দেওয়া হয়।

বেবিচকের পর্যবেক্ষণে উঠে এসেছে, বাংলাদেশে যাতায়াতকারী কয়েকটি এয়ারলাইন্সের উড়োজাহাজের যাত্রী কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কোনো কোনো উড়োজাহাজের আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন ও অপরিপাটি অবস্থায় পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে প্রতিটি ফ্লাইট উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার করার নির্দেশ দিয়েছে বেবিচক। পাশাপাশি কেবিনের প্রতিটি অংশ নিয়মিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

চিঠিতে বাংলাদেশ রুটে অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ পরিচালনা ও যাত্রীসেবা দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বেবিচকের পর্যবেক্ষণ অনুযায়ী, কিছু এয়ারলাইন্স তাদের অন্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ পরিচালনা করে এবং যাত্রীদের তুলনামূলক কম মানের সেবা দেয়।

এ ধরনের বৈষম্য দূর করতে বাংলাদেশ রুটেও নিরাপদ, আরামদায়ক ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসম্পন্ন মানসম্পন্ন উড়োজাহাজ পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

যাত্রীসেবার মানের ক্ষেত্রেও সমতা নিশ্চিত করতে বলেছে বেবিচক। চিঠিতে বলা হয়েছে, কোনো এয়ারলাইন্স অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে ধরনের সেবা ও স্বাচ্ছন্দ্য দিয়ে থাকে, বাংলাদেশ রুটের যাত্রীদেরও একই মানের সেবা দিতে হবে। রুটভেদে যাত্রীরা যেন সেবার মানে বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া কিছু আন্তর্জাতিক রুটে ভ্রমণের দূরত্ব ও যাত্রীসেবার তুলনায় বিমানভাড়া বেশি হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে বেবিচক। এ পরিপ্রেক্ষিতে ভ্রমণের দূরত্ব বিবেচনায় ভাড়া পর্যালোচনা করে তা যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় উড়োজাহাজের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, মানসম্পন্ন উড়োজাহাজ পরিচালনা, যৌক্তিক বিমানভাড়া এবং নিরাপদ ও আরামদায়ক যাত্রীসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বেবিচক জানিয়েছে, এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি যাত্রীসেবার মান যাচাইয়ে সংস্থাটির নিয়মিত পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।