...|...|...

রাজধানী

বাংলামোটরে চাঁদাবাজি নিয়ে বাকবিতণ্ডা, বহিষ্কৃত যুবদল নেতার গুলিবর্ষণ

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, রাত ১১:২৬ | আপডেট: ২ অক্টোবর ২০২৬, সকাল ৮:১৫
Shares
বাংলামোটরে চাঁদাবাজি নিয়ে বাকবিতণ্ডা, বহিষ্কৃত যুবদল নেতার গুলিবর্ষণ

বাংলামোটরে চাঁদাবাজি নিয়ে বাকবিতণ্ডা। ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিরোধের জেরে সোহাগ (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। পরে আতঙ্ক সৃষ্টি করতে তিনি দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে বাংলামোটর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, চাঁদাবাজির বিষয় নিয়ে সোহাগের সাথে সাইমনের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সাইমন ও তার সাথে থাকা কয়েকজন সোহাগকে মারধর করেন। এতে তিনি আহত ও রক্তাক্ত হন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মারধরের পর সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়দের একটি অংশ সাইমনের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করেন। খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হামলা ও গুলিবর্ষণের অভিযোগের বিষয়ে সাইমনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।