গাজাব্যাপী ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা ও গুলিবর্ষণে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই দফায় হামলায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসাসূত্রের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর থেকে গাজার বিভিন্ন স্থানে এ হামলাগুলো চালানো হয়।
এএনআইয়ের বরাতে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের একজন কর্মকর্তা জানান, গাজা সিটির উত্তর অবস্থিত তাওয়াম এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার নাসের হাসপাতাল জানিয়েছে, খান ইউনিসের সেন্ট্রাল এলাকায় এর আগে ইসরায়েলি গুলিতে আহত হওয়া অপর এক ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে, পৃথক আরেকটি ঘটনায় গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি গাড়িতে ড্রোন হামলা চালানো হয়, যাতে অন্তত একজন নিহত হন। এছাড়া দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি অস্থায়ী তাঁবুতে ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।


