...|...|...

রাজধানী

বাংলামোটরে গুলিবর্ষণ

বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক ৪

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪৮ | আপডেট: ২ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪১
Shares
বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক ৪

রাজধানীর বাংলামোটরে এক ব্যক্তিকে মারধর করে রক্তাক্ত করা এবং পরে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক (বহিষ্কৃত) ফেরদৌস আহাম্মেদ সাইমনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানার বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। এতে সোহাগ (৪৫) নামে এক ব্যক্তি আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রাতে সাইমনের সাথে সোহাগের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করা হলে তিনি রক্তাক্ত আহত হন। এরপর সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর স্থানীয়রা সাইমনসহ চারজনকে অবরুদ্ধ করে রাখেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয় বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন সাইমনের ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করে ভাঙচুর করেন এবং পরে তাতে আগুন ধরিয়ে দেন।

আহত সোহাগের অভিযোগ, সাইমন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারি ও মাদকব্যবসার সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের অভিযোগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে সোহাগকে অস্ত্র দিয়ে আঘাত করা এবং গুলি ছোড়ার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাইমনকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েও কোনো অস্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার প্রকৃত কারণ ও গুলি ছোড়ার বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।