...|...|...

সারাদেশ

গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিলেন এক বৃদ্ধ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, রাত ১১:০০
Shares
গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিলেন এক বৃদ্ধ

গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিলেন এক বৃদ্ধ। ছবি: সংগৃহীত

রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততা, নিরাপত্তার কড়াকড়ি আর গাড়িবহরের দীর্ঘ যাত্রা, সবকিছুর মাঝেই সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক প্রবীণকে দেখে থেমে গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি। গাড়ি থেকে নেমে এগিয়ে গেলেন তার কাছে। হাতে থাকা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন ওই বৃদ্ধ। এরপর পরম স্নেহে তারেক রহমানের মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। মুহূর্তেই তৈরি হলো এক আবেগঘন পরিবেশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরকালে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় সড়কের পাশে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন ওই প্রবীণ। তাকে দেখতে পেয়ে গাড়ি থামান প্রধানমন্ত্রী। পরে গাড়ি থেকে নেমে তার কাছে গিয়ে ফুল গ্রহণ করেন এবং কিছুক্ষণ কথা বলেন।

এ সময় প্রবীণ ব্যক্তিটি স্নেহভরে প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দেন। একইসাথে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি বলেন, ‘আল্লাহ প্রধানমন্ত্রীকে দীর্ঘ হায়াত দান করুক।’

ঘটনাটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু উপস্থিত মানুষের কাছে হয়ে ওঠে বিশেষ এক মুহূর্ত। কেউ মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করেন, কেউবা দাঁড়িয়ে দেখেন দুই প্রজন্মের এই আন্তরিক সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর প্রতি একজন প্রবীণের স্নেহ ও দোয়ার দৃশ্যটি আশপাশের মানুষের মধ্যে আবেগের সঞ্চার করে।

ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসনকাজের উদ্বোধন এবং ফুলগাজীতে জনসভায় বক্তব্য দেওয়ার কর্মসূচি ছিল।

দিনভর রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততার মধ্যেও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একজন প্রবীণের কাছে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর এগিয়ে যাওয়ার ঘটনাটি সফরের আলোচিত মুহূর্তগুলোর একটি হয়ে ওঠে। ফুলের শুভেচ্ছার পর মাথায় স্নেহের পরশ, সাথে দীর্ঘায়ুর দোয়া, আনুষ্ঠানিকতার বাইরে এই সাক্ষাৎ যেন তুলে ধরল একজন প্রবীণের অকৃত্রিম স্নেহের এক আবেগঘন দৃশ্য।