দীর্ঘদিন বন্ধ থাকা কলকারখানা পুনরায় চালু এবং স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজে ৪১ হাজার কোটি টাকা দিতে ১৭টি ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।
প্রণোদনা প্যাকেজে অর্থ দিতে সম্মত হওয়া ব্যাংকগুলো হলো- সোনালী, অগ্রণী, রূপালী, ব্র্যাক, সিটি, যমুনা, ডাচ্-বাংলা, মিউচুয়াল ট্রাস্ট, উত্তরা, প্রাইম, ব্যাংক এশিয়া, এনসিসি, পূবালী, ইস্টার্ন, মার্কেন্টাইল, ট্রাস্ট ও সাউথইস্ট ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক গত ২৩ মে দীর্ঘদিন বন্ধ থাকা কলকারখানা চালু, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং স্থবির অর্থনীতিকে সচল করার লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার এ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে।
প্যাকেজ ঘোষণা উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছিলেন, এটি মূলত একটি উৎপাদন ও কর্মসংস্থান পুনরুদ্ধার কর্মসূচি। এর মাধ্যমে প্রায় ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা করা হচ্ছে।
৬০ হাজার কোটি টাকার প্যাকেজের মধ্যে ৪১ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে সংগ্রহ করা হবে। বাকি ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে সরবরাহ করবে।
প্যাকেজের সবচেয়ে বড় অংশ হিসেবে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালুর জন্য। এ তহবিল থেকে বেসরকারি খাতের উদ্যোক্তাদের গড়ে সাড়ে ৭ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের লক্ষ্য হলো বন্ধ শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করা, বিনিয়োগ বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা।



