...|...|...

অর্থনীতি

অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩৭
Shares
অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

ছবি: সংগৃহীত

অনলাইন প্ল্যাটফর্ম ‘crossmarket.ai’ এবং ৩১টি অবৈধ অ্যাপের মাধ্যমে অর্থ লেনদেন ও ঋণ নেওয়া থেকে সাধারণ মানুষকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এসব অনুমোদনহীন প্ল্যাটফর্মে বিনিয়োগ কিংবা ঋণ নেওয়া বিদ্যমান আইনে দণ্ডনীয় অপরাধ।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) দুটি পৃথক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ‘crossmarket.ai’-এর মতো প্ল্যাটফর্মে অর্থ জমা বা লেনদেন করা অবৈধ। এতে সাধারণ বিনিয়োগকারীরা না বুঝেই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন ও আর্থিক ঝুঁকিতে ফেলছেন।

অন্যদিকে সহজ শর্তে ঋণের প্রলোভন দিয়ে সক্রিয় রয়েছে ৩১টি অননুমোদিত ডিজিটাল অ্যাপ। বিএফআইইউ জানায়, এসব অ্যাপ ব্যবহারকারীর ফোনের গ্যালারি, কন্টাক্ট লিস্ট ও ব্যক্তিগত তথ্যের নাগাল নিয়ে পরবর্তীতে হুমকি-ধমকি ও অতিরিক্ত অর্থ দাবি করে আসছিল। ‘মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’ অনুযায়ী এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

বিএফআইইউ চিহ্নিত ৩১টি অবৈধ অ্যাপ:
সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, সাথি লোন, ক্যাশহোরো, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও।

কেন্দ্রীয় ব্যাংকের ৪টি জরুরি পরামর্শ:
১. অননুমোদিত অ্যাপ বা প্ল্যাটফর্ম থেকে যেকোনো ধরনের ঋণ নেওয়া থেকে বিরত থাকুন।
২. অবৈধ ও প্রতারণামূলক ঋণ কার্যক্রমের সাথে জড়িত হবেন না।
৩. অজানা অ্যাপে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে সতর্ক থাকুন।
৪. অগ্রিম ফি বা প্রসেসিং চার্জ চাওয়া হলে লেনদেন করা থেকে বিরত থাকুন।

এসব অননুমোদিত অ্যাপ ও প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারিত হলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউ পরিচালকের দপ্তরে লিখিত অভিযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।