রাষ্ট্র মেরামতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্পষ্ট রূপরেখা ও নীতিমালা দিয়েছেন বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুসরণ করে কাজ এগিয়ে নেওয়া হবে। কোনো কাজ স্থবির হয়ে থাকলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, দেশের সব ধর্ম ও মতের মানুষ যেন নিজ নিজ অবস্থান থেকে স্বাধীনভাবে কথা বলতে পারেন, তা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাই সুখী, সমৃদ্ধ ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।
ধর্মীয় নেতাদের সাথে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে শামীম কায়সার লিংকন বলেন, ওলামায়ে কেরামদের সাথে যত বেশি যোগাযোগ বাড়বে, ততই ভুল-বোঝাবুঝি দূর হবে।
তিনি জানান, ইসলাম ধর্মের আলেমদের পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের সাথেও যোগাযোগ করবেন তিনি। পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে দেশের ধর্মীয় সম্প্রীতি আরও শক্তিশালী করা সম্ভব।
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে বিভিন্ন মতের ওলামায়ে কেরামদের সহাবস্থানকে কেন্দ্র করেই ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হয়। শুধু ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের কাছেও যাওয়া তার দায়িত্বের অংশ।


