...|...|...

বিশ্ব

পানির নিচে একসাথে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০২
Shares
পানির নিচে একসাথে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড

মানুষের কোনো সাহায্য ছাড়াই পানির নিচে একসাথে ১১৬টি ক্ষুদ্র স্বয়ংক্রিয় (মাইক্রো-অটোনমাস) আন্ডারওয়াটার ড্রোন সফলভাবে পরিচালনা করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে চীনের একদল গবেষক। নির্দিষ্ট রুট ধরে পানির নিচে ড্রোনগুলোর এই সুশৃঙ্খল চলাচল পর্যবেক্ষণ করে তা রেকর্ডভুক্ত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি এবং জিয়ান তিয়ানহে মেরিটাইম টেকনোলজিসের গবেষকদের যৌথভাবে তৈরি এই ড্রোনগুলো পানির নিচে ১ হাজার ৬৪০ ফুট দূরত্বে নির্ধারিত পথ পরিক্রমা করে।

পানিতে নামানোর পর অনবোর্ড স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে ড্রোনগুলো একটি ঝাঁকের মতো নিখুঁতভাবে চলাচল করে। প্রতিকূল স্রোতেও রিয়েল-টাইম ডাটা ব্যবহার করে কোনো ড্রোন পথ থেকে সরে গেলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে তা শুধরে নেয়।

পানির নিচে রেডিও সিগন্যাল অনিয়মিত হওয়ায় যোগাযোগ রক্ষা করা অত্যন্ত জটিল। তবে মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই ড্রোনগুলোর এই নিখুঁত যোগাযোগকে জলীয় প্রযুক্তির ক্ষেত্রে এক বড় অগ্রগতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

টিএইচ-৬১৮ মডেলের বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী এই ড্রোনগুলো আকারে বেশ ছোট—দৈর্ঘ্যে ২৪ ইঞ্চি, চওড়ায় ৭.৮ ইঞ্চি এবং ওজন মাত্র ৫ কেজি। সর্বোচ্চ ৩০ কিলোমিটার রেঞ্জের এই ড্রোনগুলো টানা আট ঘণ্টার বেশি কাজ করতে সক্ষম।

ক্যামেরা ও বিশেষ নেভিগেশন সুবিধাযুক্ত এই প্রযুক্তি সমুদ্রের তলদেশ জরিপ এবং পরিবেশবান্ধব উপায়ে তেল ও গ্যাস পাইপলাইন পরিদর্শনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।