...|...|...

খেলা

চীনের কাছে ৭-১ গোলের লজ্জার হার বাংলাদেশের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, দুপুর ২:৩৯
Shares
চীনের কাছে ৭-১ গোলের লজ্জার হার বাংলাদেশের

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস পুরুষ হকিতে পঞ্চম স্থান অর্জনের লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। ৫ম-৮ম স্থান নির্ধারণী ম্যাচে চীনের কাছে ৭-১ গোলে হেরে লাল-সবুজের প্রতিনিধিদের এখন খেলতে হবে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ। একতরফা ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়েছে চীন।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ম্যাচে প্রথম কোয়ার্টারেই দুই গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭-১ ব্যবধানে হারতে হয় আমিরুল ইসলামদের। এই হারের ফলে শনিবার ৭ম-৮ম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই ঝাং জিয়ালিয়াংয়ের গোলে এগিয়ে যায় চীন। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ঝাও ইউলাই। শুরুতেই দুই গোল হজম করে চাপে পড়ে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে আবারও বাংলাদেশের রক্ষণ ভাঙে চীন। চেন বেনহাইয়ের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে ৩০তম মিনিটে রকিবুল হাসান একটি গোল শোধ করে বাংলাদেশকে ম্যাচে ফেরার আশা দেখান।

তৃতীয় কোয়ার্টারে সেই আশা আর টেকেনি। ৩২তম মিনিটে গাও জিয়েশেংয়ের গোলে চীন ব্যবধান বাড়িয়ে করে ৪-১। এরপর ৪৩তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন ঝাং জিয়ালিয়াং।

শেষ কোয়ার্টারেও বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখে চীন। ৫৫ ও ৫৮ মিনিটে আরও দুই গোল করেন চেন বেনহাই। এর মধ্য দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি এবং চীনের জয় নিশ্চিত হয় ৭-১ ব্যবধানে।

এই পরাজয়ের ফলে ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। শনিবার সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে আমিরুল ইসলামদের প্রতিপক্ষ থাইল্যান্ড। অন্যদিকে স্থান নির্ধারণী অপর ম্যাচে জাপানের কাছে ৯-১ গোলে হেরেছে থাইল্যান্ড।

এর আগে গ্রুপপর্বে ‘এ’ পুলে চতুর্থ হয়ে পরের ধাপে উঠেছিল বাংলাদেশ। পাঁচ ম্যাচের মধ্যে দুটি জয় পেয়েছিল আমিরুল ইসলামরা। তবে চীনের বিপক্ষে বড় হারে এবার সপ্তম স্থান অর্জনের লড়াইয়ে নামতে হচ্ছে দলটিকে।