...|...|...

বিশ্ব

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না: শাহবাজ শরিফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৯ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৩১
Shares
পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না: শাহবাজ শরিফ

পানি রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, পানি শুধু বর্তমান প্রজন্মের নয়, ভবিষ্যৎ প্রজন্মের জীবন ও নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত। তাই অভিন্ন পানিসম্পদ নিয়ে বিরোধকে আন্তর্জাতিক আইন ও প্রচলিত ব্যবস্থার মাধ্যমে সমাধান করতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) রাষ্ট্রপ্রধানদের বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহবাজ শরিফ বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য বা চাপ প্রয়োগের জন্য পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা অগ্রহণযোগ্য।’ আন্তর্জাতিক চুক্তিগুলোকে অবশ্যই তার মূল উদ্দেশ্য ও নির্ধারিত শর্ত অনুযায়ী পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।

ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন মন্তব্য এলো। অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের বিরোধের প্রেক্ষাপটে তার বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

শাহবাজ বলেন, পানি এ অঞ্চলের মানুষের জীবনধারা এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনের নিশ্চয়তার সঙ্গে জড়িত। তাই পানিসম্পদকে রাজনৈতিক বিরোধ বা চাপ সৃষ্টির হাতিয়ার না করে সহযোগিতার ভিত্তিতে ব্যবস্থাপনা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হলে টেকসই শান্তি ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। অভিন্ন পানিসম্পদ নিয়ে কোনো বিরোধ দেখা দিলে আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত ব্যবস্থার মাধ্যমেই এর সমাধান করা উচিত।

এ সময় তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়েও কথা বলেন শাহবাজ শরিফ। তিনি স্পষ্ট করেন, এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ বহুপক্ষীয় ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে। আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে সংশ্লিষ্ট চুক্তি ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক আঞ্চলিক সংকটের সময় উত্তেজনা কমাতে পাকিস্তান কার্যকর ভূমিকা রেখেছে। পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার ফলে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি বলেন, সাম্প্রতিক বিভিন্ন সংকট নিরাপদ জ্বালানি করিডোর এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।