নীলফামারীর ডিমলা উপজেলায় ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে বিপত্তির মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার। এমপির সামনে সাঁকোটির একটি অংশ হঠাৎ ভেঙে নদীতে পড়ে গেলে তার সাথে থাকা কয়েকজন সফরসঙ্গী পানিতে পড়ে যান। এ সময় এমপির সাথে থাকা তার গানম্যান গুরুতর আহত হন। পরে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান সংসদ সদস্য।
বুধবার (১২ আগস্ট) ডিমলা সদর ইউনিয়নের নাটাবাড়ি এলাকায় নাউতারা নদীর ওপর অবস্থিত ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো পরিদর্শনকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় নাউতারা নদীতে পানির প্রবল স্রোত সৃষ্টি হয়েছে। এতে নদীর ওপর নির্মিত কাঠের সাঁকোটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় মানুষের দুর্ভোগ ও সাঁকোটির বর্তমান অবস্থা সরেজমিনে দেখতে সেখানে যান সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার।
এ সময় এমপির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রফিকুজ্জামান বকুলসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি ও তার সফরসঙ্গীরা সাঁকোটির ওপর দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত অংশের অবস্থা দেখছিলেন। একপর্যায়ে হঠাৎ সাঁকোটির একটি অংশ ভেঙে নিচে নদীতে পড়ে যায়। এতে এমপির সাথে থাকা কয়েকজন সফরসঙ্গী নদীতে পড়ে যান। এ সময় এমপির নিরাপত্তার দায়িত্বে থাকা এক গানম্যান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পানিতে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন। আহত গানম্যানকে তাৎক্ষণিকভাবে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নেন। সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। আকস্মিক এ ঘটনায় সেখানে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, নাউতারা নদীর ওপর থাকা কাঠের সাঁকোটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্ষা ও বন্যার পানির তীব্র স্রোতে এর অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। ঝুঁকি জেনেও যোগাযোগের বিকল্প ব্যবস্থা না থাকায় স্থানীয়দের প্রতিনিয়ত সাঁকোটি ব্যবহার করতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোটির পরিবর্তে দ্রুত একটি স্থায়ী ও টেকসই সেতু নির্মাণ করা প্রয়োজন। এতে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসানের পাশাপাশি বর্ষা মৌসুমে দুর্ঘটনার ঝুঁকিও কমবে।
এদিকে, সংসদ সদস্যের উপস্থিতিতে সাঁকোর একটি অংশ ভেঙে পড়া এবং তার নিরাপত্তাকর্মী আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি নাউতারা নদীর ওপর দ্রুত নিরাপদ যোগাযোগব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তাকেও সামনে এনেছে।



