কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখামাত্র গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাগেরহাটের মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী। একই সাথে ডিসেম্বর মাসজুড়ে দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় পাহারা বসানো এবং বিভিন্ন প্রবেশপথে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মোংলা পৌর ও উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জুলফিকার আলী আরও বলেন, অনেক ধৈর্য ধরা হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নির্বাচনের পরও বিএনপির নেতাকর্মীরা শান্ত ও নমনীয় ছিলেন। কিন্তু আওয়ামী লীগের নেতারা ইট ছুড়লে তাদের পাটকেল খেতে হবে। যারা এলাকায় বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না।
এ সময় তিনি বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিটি এলাকায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান। পাশাপাশি ডিসেম্বর মাসজুড়ে এলাকায় পাহারা বসানো এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের সংযোগস্থলগুলোতেও নজরদারি রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে মোংলা উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদারসহ পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


