ঢাকার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল আন্ডারপাস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি-৪ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ককটেলগুলোর সন্ধান পাওয়ার পর জনসাধারণের নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখেন এসআরবি-৪, সিপিসি-২-এর সদস্যরা।
এসআরবি-৪ সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মহাসড়কের বাইপাইল আন্ডারপাস এলাকায় পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত ককটেল দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে এসআরবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ চালান এবং সেখানে পাঁচটি অবিস্ফোরিত ককটেল দেখতে পান।
কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে পুরো এলাকা ফাঁকা করে নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলেন এসআরবি-৪-এর সদস্যরা।
এসআরবি-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার এম এম রেজাউল হক জানান, সন্ধ্যায় খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাইপাইল ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় লাল টেপ পেঁচানো আনুমানিক পাঁচটি ককটেল দেখতে পায়।
প্রাথমিকভাবে এলাকাটি নিরাপদ রাখতে পুরো স্থানটি ঘিরে রাখা হয়েছে। ককটেলগুলো পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে বিস্তারিত নিশ্চিত করা সম্ভব হবে।


