যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা জাহাঙ্গীর আলমের অন্যতম সহযোগী এবং নীলফামারী ডিমলা উপজেলার নবজাগরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোক্তার হোসেনের আরও কয়েকটি চাঞ্চল্যকর কল রেকর্ড ফাঁস হয়েছে। নিজেকে ‘রংপুরের মানবাধিকার কমিশনার’ পরিচয় দিয়ে এক শিক্ষিকাকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে এলাকায় নতুন করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
ফাঁস হওয়া নতুন অডিও কথোপকথনে জানা যায়, সহকারী শিক্ষক মোক্তার হোসেন সুষমা রানী রায় নামের এক শিক্ষিকাকে ফোন করে নিজেকে রংপুরের মানবাধিকার কমিশনার হিসেবে পরিচয় দেন। কথোপকথনে তাকে বলতে শোনা যায়, আমাদের কাছে অভিযোগ আছে আপনার স্বামী আপনাকে নির্যাতন করেন। জবাবে ওই শিক্ষিকা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানান যে, তাদের সংসার সুখের এবং স্বামী তাকে কোনো নির্যাতন করেন না।
তবে ভুক্তভোগীর প্রতিবাদ সত্ত্বেও মোক্তার হোসেন জোর দিয়ে বলেন, সত্যি করে বলুন, যদি নির্যাতন করে তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখব। এরকম একটা চিঠি আমাদের কাছে এসেছে।
পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে ওই শিক্ষিকার প্রধান শিক্ষককে ফোন করেন অভিযুক্ত মোক্তার হোসেন। মানবাধিকার কমিশনারের পরিচয় দিয়ে তিনি প্রধান শিক্ষককে বলেন, আপনার স্কুলে সুষমা রানী নামে একজন শিক্ষক আছেন। শুনলাম তার স্বামী নাকি তাকে নির্যাতন করে, এ বিষয়ে কেমনটা জানেন? এভাবেই নানা ভয়ভীতি দেখিয়ে তিনি প্রধান শিক্ষককে শাসাতে থাকেন।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষিকা সুষমা রানী রায় জানান, হঠাৎ করেই মোক্তার হোসেন তাকে ফোন করে বলেন, তিনি রংপুর মানবাধিকার কমিশন থেকে বলছেন। শিক্ষিকা স্বামী-সংসার নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন এবং তার স্বামী তাকে নির্যাতন করেন এমন অভিযোগ তাদের কাছে রয়েছে বলে দাবি করেন মোক্তার। শিক্ষিকা সুষমা রানী জানান, তিনি তার স্বামী-সংসার নিয়ে সম্পূর্ণ সুখে আছেন এবং তাদের মধ্যে কোনো ঝামেলা নেই।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোক্তার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি দাবি করেন, যে নম্বর থেকে ফোন দেওয়া হয়েছে সেটি তার নয়। তবে এ বিষয়ে সরাসরি দেখা করে বিস্তারিত বলবেন বলে জানান তিনি। কোন মানবাধিকার কমিশনার এবং কোথায় বসেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দেখা হলেই বিষয়টি বলবেন।
ঘটনার বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরাণুজ্জামান জানান, আমরা মোক্তার হোসেনের বিষয়ের দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেব।
অন্যদিকে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, সুনির্দিষ্ট লিখিত অভিযোগ ছাড়া এই মুহূর্তে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।
উল্লেখ্য, এর আগেও যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্ন ফাঁসকাণ্ডে এই শিক্ষক মোক্তার হোসেনের নাম আসায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সর্বশেষ এই অডিও ফাঁসের ঘটনায় শিক্ষক সমাজের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে তার বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল


