...|...|...

সারাদেশ

অবৈধ দলিল আটকে দেওয়ায় সার্ভেয়ারকে চাকরিচ্যুতির হুমকি কর্মকর্তার

রিপন ইসলাম শেখ, নীলফামারী
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১১
Shares
অবৈধ দলিল আটকে দেওয়ায় সার্ভেয়ারকে চাকরিচ্যুতির হুমকি কর্মকর্তার

লাল বর্ডার দেওয়া অভিযুক্ত কর্মকর্তা মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

অবৈধ দলিল আটকে দেওয়ায় কিশোরগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিরাজুল ইসলামকে চাকরিচ্যুতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমানের বিরুদ্ধে।

সম্প্রতি ওই কর্মকর্তার একটি ফোনালাপের অডিও ক্লিপ টাইমস টুডের হাতে এসেছে। এতে সার্ভেয়ার মিরাজুল ইসলাম ও তার ড্রাইভার নূর আলমের চাকরি খেয়ে দেওয়ার হুমকি দেন মিজানুর রহমান। 

অডিওতে মিজানুর রহমানকে বলতে শোনা যায়, নূর আলমের চাকরি আমার হাতে, বুঝছেন? চ্যালেঞ্জে যদি আসেন, আমার সাথে লড়ার মতো পৃথিবীর কোনো শক্তি নেই।

সার্ভেয়ার মিরাজুল ইসলামকে দম্ভপূর্ণ ভাষায় মিজানুর রহমান বলেন, আপনি কার ফাঁদে পা ফেলেছেন! নূর আলমের ফাঁদে পা ফেললে আপনার চাকরি চলে যাবে, আমি গ্যারান্টি দিলাম। আমাকে চেতালে কেউ ঠিক থাকতে পারবে না। আপনার চাকরি তো পরে খাবো, তার আগে নূর আলমের চাকরি খাবো। এটা নিয়ে আমার সাথে চ্যালেঞ্জ নেবেন না। আমার কাছে সব ডকুমেন্ট ও ভিডিও আছে... আপনি আমাকে চেনেন নাই।

অডিওর আরেকটি অংশে তাকে বলতে শোনা যায়, নূর আলমের চাকরি মাস্টাররোল বা আউটসোর্সিংয়ের। তার চাকরি কেড়ে নেওয়ার সর্বোচ্চ ক্ষমতা নিজের হাতে রয়েছে। কেউ তার সাথে চ্যালেঞ্জে এলে কার কার চাকরি যাবে, সেই তালিকাও তার কাছে প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি।

জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলা ভূমি অফিসের তৎকালীন সার্ভেয়ার মিরাজুল ইসলাম নিয়মবহির্ভূতভাবে দুটি বন্দোবস্ত দলিল পাসের প্রক্রিয়ায় আপত্তি জানিয়েছিলেন। ওই প্রক্রিয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করেই উপ-প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের সাথে তার বিরোধের সূত্রপাত। অভিযোগ রয়েছে, এর জেরে মিরাজুল ইসলামকে চাকরিচ্যুত করা এবং তার জীবন বরবাদ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা ভূমি অফিসের সাবেক সার্ভেয়ার মিরাজুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, উপ-প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান অবৈধ পন্থায় দুটি বন্দোবস্ত দলিল পাস করানোর চেষ্টা করছিলেন। তিনি এতে বাধা দেওয়ায় তাকে চাকরিচ্যুত করাসহ জীবন বরবাদ করে দেওয়ার নানা ধরনের হুমকি দেওয়া হয়।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমানের বক্তব্য জানতে তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে নীলফামারীর জেলা প্রশাসক হুমায়ুন কবির টাইমস টুডেকে জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।