ময়মনসিংহে জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
রবিবার (১৫ নভেম্বর) সকালে তাকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
রবিবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সাংবাদিকদের সাথে নায়েব আবুল কালামের অসদাচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এ ঘটনায় আজ সকালে তাকে শোকজ করা হয়েছে। তার জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে সদর পৌর ভূমি অফিসে গেলে সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন নায়েব আবুল কালাম। একপর্যায়ে তাদের উদ্দেশে গালিগালাজ করে তিনি বলেন, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।
শুধু তাই নয়, তথ্য জানতে যাওয়া সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার এবং অফিসের ফটক বন্ধ করে আটকে রাখার হুমকিও দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় অভিযুক্ত নায়েবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সাংবাদিকেরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে সাতদিনের আলটিমেটামও দেওয়া হয়।
জেলা প্রশাসকের শোকজের মধ্য দিয়ে সাংবাদিকদের হেনস্তার ঘটনায় প্রশাসনিক পদক্ষেপ শুরু হলো। এখন নায়েব আবুল কালামের জবাবের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।


