...|...|...

বিশ্ব

পবিত্র মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে ড্রোন হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, সকাল ৬:৩৯ | আপডেট: ২ অক্টোবর ২০২৬, দুপুর ১২:০০
Shares
পবিত্র মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী একটি কেন্দ্রে ড্রোন হামলার জন্য ইয়েমেনের হুতি গোষ্ঠীকে দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের দাবি, মঙ্গলবার ভোরে মদিনার ‘তাইবা’ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে এই হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত, অপারেশনাল পর্যালোচনা এবং হামলায় ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হুতিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে হুতি গোষ্ঠী জড়িত ছিল।

হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির একটি ট্রান্সফরমার অচল হয়ে যায়। তবে সামগ্রিক বিদ্যুৎ গ্রিডে এর কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে জোট। কেন্দ্রটি মদিনার মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করে।

আল-মালিকি দাবি করেন, এই হামলা মক্কা ও মদিনার পবিত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলার চেষ্টার অংশ। তাঁর মতে, এ ধরনের হামলা বিশ্বজুড়ে মুসলমানদের অনুভূতিতে আঘাত করারও একটি প্রচেষ্টা।

এর আগে মক্কার দিকে ছোড়া একটি ড্রোন প্রতিহত করার কথাও জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট। আল-মালিকি বলেন, মসজিদুল হারাম ও মসজিদে নববী এবং সেখানে আগত মুসল্লি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

তবে হুতি পক্ষ সৌদি জোটের অভিযোগ অস্বীকার করেছে। হুতি পরিচালিত সাবা বার্তা সংস্থাকে উদ্ধৃত করে একটি সামরিক সূত্র দাবি করেছে, মদিনায় হামলার অভিযোগ ‘মিথ্যা’।