...|...|...

সারাদেশ

পদার্থবিজ্ঞান পড়ে চিকিৎসক পরিচয়ে প্রেসক্রিপশন, ব্যবসায়ীকে জরিমানা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:১৮
Shares
পদার্থবিজ্ঞান পড়ে চিকিৎসক পরিচয়ে প্রেসক্রিপশন, ব্যবসায়ীকে জরিমানা

পঞ্চগড়ের সদর উপজেলার জগদল বাজারে চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগে রোকসানা আক্তার নামে এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জগদল বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা।

অভিযান সূত্রে জানা যায়, রোকসানা আক্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন। চিকিৎসক না হয়েও তিনি রোগীদের প্রেসক্রিপশন লিখে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ দিয়ে আসছিলেন। পাশাপাশি অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার বিজ্ঞাপনও তার ফার্মেসিতে দেওয়া হয়েছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, গত ১৪ আগস্ট সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে চিকিৎসা দিয়ে প্রেসক্রিপশন লেখেন রোকসানা। পরে ওই নারীর গর্ভের সন্তান মারা যাওয়ার অভিযোগ করে তার পরিবার। এ ঘটনায় সংবাদ প্রকাশ ও অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে ফার্মেসিতে অভিযান চালানো হয়।

অভিযানে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগের সত্যতা এবং অনুমোদন ছাড়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার বিজ্ঞাপন পাওয়া যায়। এ সময় পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম রিনা এবং সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সদর ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখা এবং অনুমোদন ছাড়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার বিজ্ঞাপন দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী রোকসানা আক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।