দেশের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নৌপথে যাত্রীভাড়া বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২২ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ১৯ পয়সা বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ২৭ অনুযায়ী নৌযানে যাত্রী পরিবহনের জন্য জনপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
পুনর্নির্ধারিত ভাড়া অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে।
অন্যদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া নৌপথে জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনে নতুন নির্ধারিত ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, নৌযানের ভাড়া নির্ধারণসংক্রান্ত এর আগে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ বাতিল করা হলো।
জনস্বার্থে পুনর্নির্ধারিত এই ভাড়ার হার ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



