...|...|...

বিশ্ব

নির্বাচনের আগে নেতানিয়াহুকে সরাসরি সমর্থনে ট্রাম্পের অনীহা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, রাত ৮:১৪
Shares
নির্বাচনের আগে নেতানিয়াহুকে সরাসরি সমর্থনে ট্রাম্পের অনীহা

ছবি: সংগৃহীত

ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি সমর্থন দিতে অনীহা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের নিরাপত্তাই তার প্রধান লক্ষ্য উল্লেখ করে নেতানিয়াহুর প্রতি আগের মতো প্রকাশ্যে দাঁড়ানো থেকে বিরত থাকলেন তিনি।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে আন্তর্জাতিক সাময়িকী ‘টাইম’-কে দেওয়া ট্রাম্পের সাক্ষাৎকারের সূত্র ধরে এই তথ্য জানানো হয়েছে।

আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কি না—এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি ট্রাম্প। তিনি বলেন, 'ইসরায়েলকে প্রতিরক্ষায় সহায়তা করাই আমার প্রধান অগ্রাধিকার। গত কয়েক বছরে আমার গৃহীত নীতির কারণে দেশটিতে আমার গ্রহণযোগ্যতা প্রায় ৯৯ শতাংশ।'

নেতানিয়াহুর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকটের বিষয়ে ট্রাম্প বলেন, আইজেনকটের ব্যাপারে বাজে কিছু শোনেননি তিনি।

তবে নেতানিয়াহুকে হেয় না করার পরামর্শ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'বহুবার নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে শেষ মনে করা হয়েছিল, কিন্তু তিনি ফিরে এসেছেন। আমাকেও অনেকবার অবমূল্যায়ন করা হয়েছে, তাই তাকে ছোট করে দেখার সুযোগ নেই।'

২৭ অক্টোবরের নির্বাচন ঘিরে ইসরায়েলে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কার কথা নেতানিয়াহু জানানোর এক দিন পরই ট্রাম্পের এই বক্তব্য এলো। সাম্প্রতিক সময়ে ইরান সংঘাত এবং লেবানন ও গাজায় ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে দুই দেশের নীতিগত টানাপোড়েনের মাঝেই ট্রাম্পের এই সতর্ক প্রতিক্রিয়া প্রকাশ্যে এলো।