...|...|...

সারাদেশ

নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে টিকটক, কারাগারে দুই তরুণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, সকাল ৬:০০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:০১
Shares
নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে টিকটক, কারাগারে দুই তরুণ

নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে ঘোরাঘুরি ও সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দুই তরুণকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২৯ আগস্ট) জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক ইয়াসির আরাফাত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে সদর থানায় তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ।

গ্রেফতার দুই তরুণ হলেন-বন্দর বাজার এলাকার শামীম আহম্মেদের ছেলে লিমন তোহা (২২) এবং বন্দর ফায়ার সার্ভিসের গলির বাসিন্দা স্বপন মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা (২৩)। শুক্রবার রাতে নগরীর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তরুণের বন্দুক হাতে ঘোরাঘুরির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জের সিটি পার্কের বিভিন্ন স্থানে ভিডিওটি ধারণ করা হয়। বিষয়টি নজরে আসার পর ভিডিওটির নির্মাতা ও এতে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করে জেলা পুলিশের আইসিটি শাখা।

প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে আইসিটি শাখার এসআই আফজাল শাহীন ও তার দল ভিডিওটির নির্মাতা হিসেবে লিমন তোহা এবং বন্দুক হাতে থাকা তরুণ হিসেবে ইয়াছিন মোল্লাকে শনাক্ত করে। পরে সদর মডেল থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে শটগানসদৃশ প্লাস্টিক শটগান ও এসএমজিসদৃশ প্লাস্টিক এসএমজি উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, এসব খেলনা অস্ত্র হাতে নিয়ে তারা বিভিন্ন স্থানে মহড়া দিয়ে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিলেন। পরে সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা বলেন, অস্ত্রগুলো প্লাস্টিকের তৈরি খেলনা হলেও জনসমাগমপূর্ণ এলাকায় সেগুলো আসল অস্ত্রের মতো প্রদর্শন করে মহড়া দেওয়া এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাকে বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই। বিশেষ করে পথচারী ও শিশুদের ভয় দেখিয়ে সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া জননিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। এ কারণে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।