বিলিয়নেয়ার ইলন মাস্ককে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মাস্ক’-এর প্রচারের জন্য ব্যবহৃত বিজ্ঞাপন অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। রাজনৈতিক বিষয়বস্তুসংক্রান্ত নীতিমালা বারবার লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ‘দ্য হলিউড রিপোর্টার’।
সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, তথ্যচিত্রটির পরিবেশক প্রতিষ্ঠান ব্লিকার স্ট্রিটকে শুক্রবার বিকেলে অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত জানায় টিকটক। এর ফলে প্রতিষ্ঠানটি প্ল্যাটফর্মটিতে আর বিজ্ঞাপন কিনতে বা অর্থের বিনিময়ে তথ্যচিত্রটির প্রচার বাড়াতে পারবে না।
তবে তথ্যচিত্রটির সাধারণ, অর্থাৎ অর্থের বিনিময়ে প্রচার না করা টিকটক অ্যাকাউন্টটি এখনো সচল রয়েছে। ব্লিকার স্ট্রিটের এক মুখপাত্র অ্যাকাউন্ট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। সিদ্ধান্তটি এমন সময়ে নেওয়া হয়েছে, যখন তথ্যচিত্রটি উত্তর আমেরিকার ৪৭০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছে প্রতিষ্ঠানটি।
টিকটক কর্তৃপক্ষ ব্লিকার স্ট্রিটকে জানিয়েছে, রাজনৈতিক বিষয়বস্তুসংক্রান্ত নীতিমালা লঙ্ঘনের ঘটনাগুলো গুরুতর ছিল। কিছু ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে আগাম সতর্কতা ছাড়াই তাৎক্ষণিকভাবে বিজ্ঞাপন অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় বলেও জানিয়েছে প্ল্যাটফর্মটি।
এর আগে তথ্যচিত্রটির ট্রেলার প্রচারের জন্য অর্থের বিনিময়ে বিজ্ঞাপন চালানোর অনুমতি দেয়নি টিকটক। ফেসবুক-ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা এবং গুগলের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবও শুরুতে একই ধরনের বিজ্ঞাপন প্রত্যাখ্যান করেছিল। তবে পরে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে বিজ্ঞাপন প্রচারে সম্মতি দেয়। অন্যদিকে, ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সও তথ্যচিত্রটির বিজ্ঞাপন প্রচারে রাজি হয়নি।
অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনি পরিচালিত ‘মাস্ক’ তথ্যচিত্রে ইলন মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্য, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অধিগ্রহণ এবং তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। এতে মার্কিন সরকারের দক্ষতা বিভাগ ডিওজিইর সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টিও রয়েছে।
প্রায় চার ঘণ্টার এই তথ্যচিত্রটি মুক্তির প্রথম সপ্তাহান্তে নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের চারটি প্রেক্ষাগৃহ থেকে ৭০ হাজার ডলার আয় করে। পরে উত্তর আমেরিকার আরও বিভিন্ন শহরে এটি মুক্তি দেওয়া হয়।


