ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল ও কুতুবাইল এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় আসেন। পরে তারা লিংক রোডের দুই পাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে প্রথমে সদর উপজেলার কুতুবাইল কাঠেরপুল এলাকায় জড়ো হন শ্রমিকেরা। পরে দুপুর ১২টার দিকে তারা সড়ক অবরোধ করেন। অবরোধের সময় শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে ওভারপাসসহ সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লেও কয়েক বছর ধরে পোশাকশ্রমিকদের বেতন বাড়েনি। এ কারণে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।
অবরোধের ফলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন পথচারী ও বাসযাত্রীরা। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে সড়ক পার হয়ে গন্তব্যে যান। আবার কেউ কেউ দীর্ঘ সময় যানবাহনের মধ্যে আটকে থাকেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করেছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।


