...|...|...

বিশ্ব

নাইজেরিয়ায় মদ পান করে ৪৮ জনের মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩৭
Shares
নাইজেরিয়ায় মদ পান করে ৪৮ জনের মৃত্যু

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে মিথানল মেশানো সন্দেহে স্থানীয়ভাবে তৈরি মদ্যপ পানীয় পান করে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ১০০ জন চিকিৎসাধীন রয়েছেন। দেশটির কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

নাইজেরিয়ার ওন্দো রাজ্যের স্বাস্থ্য কমিশনার বানজি আজাকা জানান, রাজ্যের ওদিগবো ও ইরেলে স্থানীয় সরকার এলাকায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোট ১৮২ জন আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় টেলিভিশন চ্যানেল টিভিসি নিউজকে হাসপাতালে চিকিৎসাধীন ৩২ বছর বয়সী সোলা আদেবায়ো বলেন, তিনি ওই পানীয়ের দুই শট পান করেছিলেন। পরদিন সকালে তিনি দেখতে পাচ্ছিলেন না।

স্বাস্থ্য কমিশনার বানজি আজাকা বলেন, পানীয়টি শরীরে প্রবেশের পর দ্রুত বিষক্রিয়া শুরু হতে পারে। এর ফলে কিডনি অকার্যকর হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি হারানো এবং মস্তিষ্কের ক্ষতি হওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র আবায়োমি জিমোহ এক বিবৃতিতে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন মিথানলযুক্ত সন্দেহজনক পদার্থ তৈরির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বর্তমানে পুলিশের তদন্তে সহযোগিতা করছেন।

স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, ‘মাঙ্কি টেইল’ নামে পরিচিত উচ্চমাত্রার অ্যালকোহলযুক্ত একটি জনপ্রিয় হারবাল পানীয়ের সঙ্গে মিথানল মেশানোর কারণে এ ঘটনা ঘটেছে। ওদিগবোর এক ব্যবসায়ীও জানান, মাঙ্কি টেইলের দুটি সংস্করণ রয়েছে একটি প্রচলিত ও তুলনামূলক নিরাপদ, অন্যটি অনিরাপদ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে এ ঘটনায় প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

নাইজেরিয়ায় স্থানীয়ভাবে তৈরি অ্যালকোহল পান করা বিশেষ করে গ্রামাঞ্চলে বেশ প্রচলিত। দেশটির প্রত্যন্ত এলাকায় এসব পানীয় তুলনামূলক সস্তা এবং অনেক ক্ষেত্রে যথাযথ নিয়ন্ত্রণের বাইরে থাকায় ঝুঁকিও বেশি।

এদিকে, নাইজেরিয়ার ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল (NAFDAC) দেশজুড়ে স্যাশে ও ছোট প্লাস্টিকের পাত্রে বিক্রি হওয়া অ্যালকোহলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করছে। সংস্থাটির দাবি, এসব প্যাকেজিং শিশু ও তরুণদের কাছে সহজে পৌঁছে যায়।