নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আবিয়া রাজ্যের একটি জঙ্গলে সন্দেহভাজন অপহরণকারীদের আস্তানা থেকে অন্তত ২৮ জনের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এগুলো অপহরণের শিকার ব্যক্তিদের দেহাবশেষ। তবে তাদের পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসি জানায়, শনিবার উমুননেওচি এলাকার উমুয়াকু ও নেয়াটো জঙ্গলে নিরাপত্তা অভিযানের পর এসব মাথার খুলি, হাড় বা দেহাবশেষ উদ্ধার করা হয়। আবিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন অপরাধীদের আস্তানায় অভিযান চালানো হয়।
পুলিশের মুখপাত্র মরিন চিনাকা জানান, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজনরা পালিয়ে যায়। পরে তাদের আস্তানাগুলো ধ্বংস করা হয়। অভিযানে অপহরণের শিকার বলে ধারণা করা ২৮টি মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার করা দেহাবশেষগুলোর পরিচয় শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষা ও অন্যান্য তদন্ত কার্যক্রম চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আবিয়া রাজ্যের পুলিশ কমিশনার উইলফ্রেড আফোলাবি জানান, রাজ্যের বিভিন্ন এলাকায় অপরাধীদের গোপন আস্তানা নির্মূলের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ার প্রত্যন্ত জঙ্গলে সক্রিয় অপহরণকারী চক্রগুলো দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ হয়ে আছে। এসব চক্র মুক্তিপণের জন্য গাড়িচালক, ভ্রমণকারী ও স্থানীয় বাসিন্দাদের লক্ষ্যবস্তু করে থাকে।
এর আগে উমুননেওচিতে নিরাপত্তা অভিযানের সময় পচন ধরা মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, যা অপহরণের ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয়।
এদিকে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলের দুটি রাজ্যে পৃথক গণ-অপহরণের ঘটনায় সপ্তাহান্তে ৮০ জনের বেশি মানুষ অপহৃত হয়েছেন। এর মধ্যে নাইজার রাজ্যে বন্দুকধারীদের হামলায় প্রায় ৫০ জন কৃষক এবং জামফারা রাজ্যে প্রায় ৪০ জন নারী অপহরণের শিকার হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
দেশটির উত্তরাঞ্চলে মুক্তিপণের জন্য অপহরণ এখন অপরাধী চক্রগুলোর বড় আয়ের উৎসে পরিণত হয়েছে। এসব ঘটনার সঙ্গে সশস্ত্র ডাকাত ও উগ্রবাদী গোষ্ঠীর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।


