...|...|...

সারাদেশ

দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৩৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩৪
Shares
দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নাজমা আরা বেগম আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত এক পথচারী নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি ফিরোজা বেগম (৬০) নামে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।

দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে প্রথমে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান পা, বাম পায়ের সোল্ডার ও বুকে আঘাত লেগেছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা তার স্ত্রী নাজমা আরা বেগমও দুর্ঘটনায় আহত হন। তবে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।