...|...|...

সারাদেশ

জয়পুরহাটে গৃহবধূ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩৫
Shares
জয়পুরহাটে গৃহবধূ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় গৃহবধূ সাজেদা ইসলাম সাজু (৩৭) হত্যা মামলায় আবু সাঈদ (২৭) ও রাব্বী হোসেন (২৭) নামের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকার আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ ও একই এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় ডা. পারভীনের পাঁচতলা ভবনের একটি ভাড়া বাসা থেকে গৃহবধূ সাজেদা ইসলাম সাজুর হাত বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। তাকে মুখে স্কচটেপ লাগিয়ে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে মামলার তদন্তে উঠে আসে।

ঘটনার দুই দিন পর, ২৯ সেপ্টেম্বর নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে জয়পুরহাট পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) তরিকুল ইসলাম হত্যাকাণ্ডের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নূর-ই আলম সিদ্দিক। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার তরুণ ও মামুনুর রশীদ।