...|...|...

সারাদেশ

রাতের আঁধারে ৭০০ ফলন্ত কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

আরমান হোসেন, জয়পুরহাট
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৭
Shares
রাতের আঁধারে ৭০০ ফলন্ত কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

দেড় বিঘা জমিজুড়ে ছিল স্বপ্ন। গাছগুলোতে এসেছিল মোচা, ঝুলছিল কাঁচা কলার ছড়া। ফলন ঘরে তুলে লাভের আশায় দিন গুনছিলেন কৃষক নূর মোহাম্মদ। কিন্তু এক রাতেই সেই স্বপ্ন মাটিতে মিশে গেল। দুর্বৃত্তরা কেটে দিয়েছে তার প্রায় ৭০০টি কলাগাছ। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নূর মোহাম্মদ জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে। পাশের গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে তিনি এই কলাবাগান গড়ে তোলেন। বাগান করতে এনজিওসহ বিভিন্ন জায়গা থেকে প্রায় অর্ধলক্ষ টাকা ঋণ নেন তিনি।

নূর মোহাম্মদ জানান, মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে ফলন্ত কলাগাছগুলো কেটে ফেলে। বুধবার বিকেলে এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

চোখের জল মুছতে মুছতে নূর মোহাম্মদ বলেন, “দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রম আর বুকভরা আশা নিয়ে এই বাগান গড়ে তুলেছিলাম। অধিকাংশ গাছেই মোচা এসেছিল, ঝুলছিল কাঁচা কলার ছড়া। গত বছর ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল। এবার বাজার ভালো থাকায় আরও বেশি লাভের স্বপ্ন দেখছিলাম। কিন্তু এক রাতের অন্ধকারেই সব শেষ হয়ে গেল।”

ঋণ নিয়ে গড়ে তোলা বাগান থেকে এবারও ভালো লাভের আশা করেছিলেন নূর মোহাম্মদ। কিন্তু ফলন ঘরে তোলার আগেই সব শেষ হয়ে যাওয়ায় এখন তার সামনে অনিশ্চয়তা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।