...|...|...

রাজনীতি

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:০৯ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩৫
Shares
লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ছয় দফা দাবিতে শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে শান্তিপূর্ণ লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। কর্মসূচিতে প্রায় দেড় হাজার গাড়ি অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজকরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের সর্বশেষ প্রস্তুতি বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার জানান, শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হবে। এরপর নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

লংমার্চে ব্যাপক জনসমাগমের আশা প্রকাশ করে তিনি বলেন, জনতার ঢল নামবে। কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

লংমার্চ নির্বিঘ্ন করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে গোলাম পরওয়ার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। বিরোধী দলের শান্তিপূর্ণ এই রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। লংমার্চে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করা হলে সরকার ও সরকারি দল জনগণের আস্থা হারাবে বলে।

গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, সরকার গঠনের ছয় মাস পার হলেও এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং সরকার গণরায় বাস্তবায়ন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তবে ১১ দলীয় ঐক্য সরকার উৎখাতের কোনো আন্দোলন করছে না জানিয়ে তিনি বলেন, জনগণের দাবি হলো গণভোটের গণরায় এবং তাদের ঘোষিত ছয় দফা বাস্তবায়ন করা।

রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর সরকারি ও বিরোধী দলের মধ্যে পরমতসহিষ্ণুতা প্রতিষ্ঠিত হয়েছে এটি প্রমাণ করা প্রয়োজন।

লংমার্চ ঘিরে এখন পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা করছেন না বলে জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, কর্মসূচি শান্তিপূর্ণ ও নিরাপদভাবে পালন করা হলে জনগণের জানমালের ক্ষয়ক্ষতির কোনো কারণ নেই।

তিনি বলেন, লংমার্চের বিষয়ে পুলিশ মহাপরিদর্শককে লিখিতভাবে অবহিত করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কের দুই পাশে হাজার হাজার মানুষ লংমার্চকে অভিবাদন জানাবেন।

লংমার্চের শৃঙ্খলা বজায় রাখতে গাড়িবহরের জন্য কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। গোলাম পরওয়ার জানান, অংশগ্রহণকারী ডেলিগেটরা গাড়ি থেকে নেমে পথসভায় যোগ দেবেন না। স্থানীয় শাখাগুলো পথসভা বাস্তবায়ন করবে।

বহরে থাকা গাড়িগুলোতে নির্দিষ্ট স্টিকার থাকবে। চলমান অবস্থায় নতুন কোনো গাড়ি বহরে যুক্ত হতে পারবে না। যুক্ত হলে সেটিকে বহরের শেষে যেতে হবে। সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য গণমাধ্যমের গাড়ি বহরের সঙ্গে থাকার সুযোগ পাবে।

প্রস্তুতি বৈঠকে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা দেশবাসী ও নেতাকর্মীদের ধৈর্য, সাহস ও শৃঙ্খলার সঙ্গে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।