জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল। বিচারব্যবস্থা শক্তিশালী না হলে সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন হবে।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব নয়। অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি। এর ফলে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে এই স্থিতিশীলতাকে টেকসই করতে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, দেশে বহু ধর্ম ও বহু সংস্কৃতির যে ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছে, তা ধরে রাখতে হবে। সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে দেশের বিচারব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে তারা মনে করেন। এর ফলে দেশের সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর ব্যবস্থা তৈরি হবে।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল সরকারে থাকুক কিংবা বিরোধী দলে সব দলেরই দায়িত্ব দেশে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা।
নাহিদ ইসলাম বলেন, দেশের পরিস্থিতি বর্তমানে কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে এই স্থিতিশীলতার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে।


