...|...|...

রাজনীতি

এনসিপিতে যোগ দেওয়া নারী আমার স্ত্রী নন, দাবি গোলাম মাওলা রনির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, রাত ৯:০১
Shares
এনসিপিতে যোগ দেওয়া নারী আমার স্ত্রী নন, দাবি গোলাম মাওলা রনির

গোলাম মাওলা রনি ও ফারজানা আফরোজ। ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন- এমন খবর প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম। তবে খবরে উল্লেখ করা ওই নারী তার স্ত্রী নন বলে দাবি করেছেন রনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

পোস্টে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন রনি। কার্ডটিতে লেখা ছিল, ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’। এর জবাবে রনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন।’

ওই নারী সম্পর্কে আরও কয়েকটি দাবি করেন সাবেক এই সংসদ সদস্য। তবে তার এসব বক্তব্যের পক্ষে পোস্টে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য তুলে ধরেননি তিনি।

এর আগে কালবেলা, স্টার নিউজ, চ্যানেল আইসহ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিচ্ছেন। এসব প্রতিবেদনে এনসিপির নেতাদের বরাত দিয়ে খবরটি প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষারও স্টার নিউজকে ফারজানা আফরোজের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন বলে গণমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে গোলাম মাওলা রনির বক্তব্যের পর খবরে উল্লেখ করা নারীর সাথে তার সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে ফারজানা আফরোজ বা এনসিপির পক্ষ থেকে কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।